ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
ফেনীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান (৫০) নামে এক ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও দুইজন। শনিবার (৮নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুরে আলীনগর ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান টাঙ্গাইলের দেলদুয়ার থানার পুরান পাথরাইল গ্রামের মৃত আকালী মিয়ার ছেলে। তিনি ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন- নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহের আমিরুল হক এবং ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে তারেক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শাহজাহান সদর উপজেলার ফাজিলপুর থেকে বারইয়ারহাটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ ব্যবসায়ী শাহজাহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।
প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন ফয়সাল বলেন, ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ীকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
নিহতের সহকর্মী কাপড় ব্যবসায়ী শাহ আলম বলেন, শাহজাহানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা ফেনী আসলে মরদেহ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. জাকারিয়া বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন