দেবীগঞ্জ ট্রাকচাপায় প্রধান শিক্ষিকা নিহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
-
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিনা দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার। তাদের বাড়ি দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ দিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন