আটকে থাকা কাজ সহজ করতে বিশেষ ৩ আমল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
-
জীবনে এমন অনেক সময় আসে, যখন আন্তরিক চেষ্টা, পরিশ্রম এবং সম্ভাব্য সব উপায় অবলম্বন করার পরও কাঙ্ক্ষিত কাজটি সহজে সম্পন্ন হয় না। কখনো দীর্ঘসূত্রতা তৈরি হয়, কখনো একের পর এক বাধা সামনে আসে। এতে স্বাভাবিকভাবেই মনে হতাশা ও অস্থিরতা ভর করতে পারে।
তবে একজন মুমিনের বিশ্বাস হলো, আল্লাহর সিদ্ধান্তের মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত। কোনো কাজ বিলম্বিত হওয়ার পেছনেও থাকতে পারে এমন কোনো হিকমত, যা এই মুহূর্তে আমাদের বোধগম্য নয়। তাই হতাশ না হয়ে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে তাঁর সাহায্য প্রার্থনা করা এবং তাঁরই দরবারে ফিরে যাওয়া উচিত।
কোরআন-হাদিসের আলোকে কাঙ্ক্ষিত কাজ সহজ হওয়া ও বাধা দূর হওয়ার জন্য বিশেষ ৪টি আমল তুলে ধরা হলো।
১. সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা: যে কোনো কঠিন কাজে আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম হলো ধৈর্য এবং নামাজ। আল্লাহ তায়ালা নিজেই ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ! সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)
২. ইস্তেগফার ও দরূদ শরিফ পাঠ: ইসলামী স্কলার মুফতি রেজাউল করীম আবরার কালবেলাকে বলেন, অধিক পরিমাণে ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) এবং নবী করীম (সা.)-এর ওপর দরূদ শরিফ পাঠ করা কঠিন কাজ সহজ হওয়ার মহৌষধ। বিশেষ করে যখন কোনো কাজ আটকে যায় বা পাহাড়সম সমস্যার সৃষ্টি হয়, তখন এই আমলটি অত্যন্ত কার্যকর বলে পরীক্ষিত।
৩. ‘ইসমে আজম’-এর মাধ্যমে দোয়া: আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী করীম (সা.)-এর উপস্থিতিতে এক ব্যক্তি নামাজের পর এই দোয়াটি পাঠ করেন: اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلٰهَ إِلَاّ أَنْتَ وَحْدَكَ لَا شَرِিকَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمٰوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَামِ، يَا حَيُّ يَا قَيُّومُ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্না-নু, ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্বি, ইয়া-যালজালা-লি ওয়াল-ইকরা-ম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু।
রাসুল (সা.) এটি শুনে বললেন, এই ব্যক্তি আল্লাহর ‘ইসমে আজম’ বা মহান নামের মাধ্যমে দোয়া করেছে। আর কেউ যদি এই নামে দোয়া করে, তবে আল্লাহ তা কবুল করেন এবং চাইলে তা দান করেন। আবু দাউদ: ১৪৯৫, তিরমিজি: ৩৫৪৪, ইবনে মাজাহ: ৩৮৫৮, সুনানে নাসায়ী: ১২৯৯)
এ ছাড়া কঠিন কাজকে সহজ করতে আল্লাহর রাসুল (সা.) একটি অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, اللّٰهُمَّ لَا سَهْلَ إِلَاّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً.
উচ্চারণ : আল্লা-হুম্মা লা সাহ্লা ইল্লা মা জা‘আলতাহু সাহ্লান, ওয়া আনতা তাজ্‘আলুল হাযনা ইযা শি’তা সাহ্লান)।
অর্থ: ‘হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ব্যতীত কোনো কিছুই সহজ নয়। আর আপনি যখন ইচ্ছা করেন তখন কঠিন বিষয়ও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ২৪২৭, ইবনুস-সুন্নি: ৩৫১)
আল্লামা হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, এটি সহিহ হাদিস। এ ছাড়া আব্দুল কাদের আরনাউত (রহ.) ইমাম নববীর ‘আযকার’ কিতাবের তাখরিজের মধ্যে সহিহ বলেছেন। (পৃ. ১০৬)
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন